বাংলাদেশের আটটি খাতে তথা বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ব্যবসা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা। দেশটির মাদ্রিদে গত বৃহস্পতিবার ‘বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে একটি কৌশলগত অংশীদার’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সেমিনারে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত পরিবেশবান্ধব ভবন নির্মাণ, যাতায়াত, কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের বিনিয়োগের সুযোগ রয়েছে।’ একই সঙ্গে রফতানি বহুমুখীকরণকে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবেও উল্লেখ করেন মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট।
সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের জন্য জমি দেয়ার মতো সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।’ এ সময় তিনি মাদ্রিদ চেম্বারের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে অ্যাঞ্জেলো আসেন্সিয়ো জানান, নভেম্বর নাগাদ একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।
সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্সের এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভারের সাসটেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।
ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার চিত্র তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










