গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে চিংড়ির গড় দামে চাঙ্গা ভাব বজায় ছিল। তবে চলতি বছরের শুরু থেকে তা স্থির রয়েছে। জানুয়ারির তুলনায় পরের দুই মাসে (ফেব্রুয়ারি-মার্চ) চিংড়ির গড় দাম একটুও বাড়েনি। খবর বিজনেস রেকর্ডার।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইনডেক্স মুন্ডি বলছে, গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিংড়ির গড় দাম ছিল ১৩ ডলার ২৩ সেন্ট। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ১৩ ডলার ৯৫ সেন্টে, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ বেশি।
জানুয়ারিতে চিংড়ির গড় দাম দাঁড়ায় কেজিপ্রতি ১৪ ডলারে, যা আগের মাসের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেশি। এরপর থেকে চিংড়ির বাজার স্থির রয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে পণ্যটির গড় দাম একই ছিল। তবে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে চাহিদা কমায় সামনের দিনগুলোয় চিংড়ির গড় দামে পতনের সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।









