খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ শেয়ার তিনি তার ভাই মো. জাহেদুল হককে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে ২২ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রিমের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮১ লাখ ৭৫ হাজার। এর ৩৪ দশমিক ৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে লাভেলো আইসক্রিমের ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে লাভেলো আইসক্রিমের ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লাভেলো আইসক্রিমের ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৯৪ পয়সায়।
লাভেলো আইসক্রিমের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।









