দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন পরিচালনা পর্ষদের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ফিটকিরি উৎপাদনকারী প্রতিষ্ঠান আনান কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড।

বর্তমানে আনানের ফিটকিরি উৎপাদনের ক্ষমতা দৈনিক ২০ মেট্রিক টন। অদূর ভবিষ্যতে উৎপাদন ক্ষমতা আরো বাড়বে। সাশ্রয়ী মূল্যে ফিটকিরি বিক্রি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশের শিল্পোন্নয়নে আনান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান‌।

শুক্রবার (৩ মে) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ভাকুম এলাকায় আনান কারখানা মিলনায়তনে আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিটকিরি কারখানা পুনঃচালুকরণ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ দিন যাবত বন্ধ থাকা আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবশেষে চালু করা হয়েছে। নিজস্ব ল্যাব রিপোর্ট অনুযায়ী উৎপাদিত ফিটকিরির পিএইচ মান ২.৮৮। আনানের বর্তমান ক্যাপাসিটিতে দৈনিক ২০ মেট্রিক টন ফিটকিরি উৎপাদন করা সম্ভব। তবে অদূর ভবিষ্যতে এ ক্যাপাসিটি আরো বৃদ্ধি করা যাবে। আজকের উৎপাদিত ফিটকিরির পিএইচ মান প্রত্যাশিত ৩.৫ হবে।

নজরুল ইসলাম খান বলেন, আনানের আরেকটি সম্ভাবনার দিক হলো কারখানার অভ্যন্তরে একটি সালফিউরিক এসিড প্লান্টের ফাউন্ডেশনের কাজ প্রায় সমাপ্ত অবস্থায় রয়েছে। ফিটকিরি উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল সালফিউরিক এসিড। আনানের সালফিউরিক এসিড উৎপাদন করে ফিটকিরি উৎপাদনের কাজে ব্যবহার করলে ফিটকিরির উৎপাদন ব্যয় হ্রাস পাবে। ফলে সাশ্রয়ী মূল্যে ফিটকিরি সরবরাহ করা সম্ভব হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশে শিল্পোন্নয়নে আনান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিজ্ঞপ্তি