বাংলাদেশ কৃষি ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকে নতুন একজন পরিচালকও নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক কাস্টমস কর্মকর্তা ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কনসালট্যান্ট মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। আরেক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম সায়েদুর রহমানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত সচিব মো. সায়েদুল ইসলামের পরিবর্তে অবসরপ্রাপ্ত সচিব এ এফ এম মতিউর রহমানকে তিন বছর মেয়াদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।