দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বিটপি গ্রুপের কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা সুবিধাজনক ব্যাংকিং সেবার পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন ফাইন্যান্সিয়াল সলিউশনও উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের বিশেষ সব সুযোগ-সুবিধা। ব্র্যাংক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের এমডি মিরান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিটপি গ্রুপ দেশের ঐতিহ্যবাহী ও বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী। গ্রুপটির পোশাক শিল্প, বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মৎস্য ও কৃষি খাতে সফল ব্যবসা রয়েছে। এর মধ্যে চারটি বড় তৈরি পোশাক কারখানা রয়েছে, যা মূলত জ্যাকেট, অ্যাক্টিভওয়্যার, ডেনিম, নন-ডেনিম এবং সিন্থেটিকস পোশাক তৈরিতে বিশেষভাবে পরিচিত।

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে বিটপি গ্রুপের পক্ষে আরো ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোরশেদুল হক; এইচআর, অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির (করপোরেট) জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম এবং ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইনে ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।