নতুন সম্ভাবনাময় খাতের রফতানি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘রফতানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ শীর্ষক তহবিলে যুক্ত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। ডাচ্-বাংলা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে রফতানিমুখী গ্রাহকদের তুলনামূলক কম সুদহারে পুনঃঅর্থায়ন সুবিধা দেয়া হবে।
সম্প্রতি ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক একেএম নূরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের এসএফডি) উদ্যোগে চালু হওয়া ‘রফতানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এর লক্ষ্য ‘রফতানি নীতি ২০২৪-২৭’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনা। বিশেষ করে স্থানীয় কাঁচামাল ব্যবহারকারী খাতগুলোকে এ তহবিলের আওতায় অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় খাতের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোও স্কিমটির অন্যতম উদ্দেশ্য।










