উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে রঙিন বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাস ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

এরপর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. অনিন্দিতা পাল এবং কর্মকর্তাদের পক্ষে রোজিনা পারভিন বক্তব্য দেন। সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক।

ট্রাস্টি বোর্ডের পক্ষে বক্তব্য দেন বোর্ডের সদস্য মুনিজে মঞ্জুর। সাবেক উপাচার্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

স্মৃতিচারণ পর্বে বক্তারা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে গত তিন দশকে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য, বিশ্বমানের শিক্ষা প্রদান এবং গবেষণার বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়।

আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো শক্তিশালী করার বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনাও তুলে ধরেন বক্তারা।

আলোচনা পর্বের বিভিন্ন সময়ে এবং অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

—বিজ্ঞপ্তি