প্রায় এক মাস বন্ধ থাকার পর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার এখনো বন্ধ রয়েছে। পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও ভারতের মেঘালয় রাজ্যের ওপারের সীমান্তে সড়ক ভাঙা থাকায় এক মাস বাণিজ্য ও যাত্রী পারাপার বন্ধ ছিল। গতকাল সকালে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তের ওপারে সড়ক ভাঙা থাকায় দীর্ঘদিন গাড়ি আসা-যাওয়া করতে পারেনি। পরে ভাঙা সড়ক সংস্কার করে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গতকাল থেকে নাকুগাঁও স্থলবন্দর চালু করা হয়।
এ বিষয়ে নাকুগাঁও কাস্টমস ইন্সপেক্টর রাজন চাকমা বলেন, আজ থেকে পুনরায় ভারত থেকে মালামাল আসতে শুরু করেছে। তবে বাংলাদেশ অংশে ইমিগ্রেশন খোলা থাকলেও যাত্রী পারাপার হচ্ছে না এখনো। ভারত অংশে এখনো ইমিগ্রেশন চালু করা হয়নি।










