ব্রাজিলে ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্সিডিজ বেঞ্জ। সাও পাউলো রাজ্যে সংস্থাটির ট্রাক ও বাসের চেসিস উৎপাদন কারখানার কর্মীরা ছাঁটাইয়ের মুখোমুখি হবে। কারখানা পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
রয়টার্সের খবর অনুসারে, ক্রমবর্ধমান ব্যয়ের চাপ ও পরিবর্তনশীল অটোমোবাইল শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগ নিয়েছে মার্সিডিজ বেঞ্জ। এ উদ্যোগের অংশ হিসেবে সাও পাওলোর কারখানার কার্যক্রম আউটসোর্সে করার পরিকল্পনা করছে সংস্থাটি।
মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, প্রতিষ্ঠানটি সামনের এক্সেল ও গিয়ারবক্সের পাশাপাশি লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণ পরিষেবাগুলোর উৎপাদন আউটসোর্সে করবে। এক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছে জার্মান সংস্থাটি। পাশাপাশি সংস্থাটি মূল ব্যবসায় মনোযোগ বাড়ানোরও ঘোষণা দিয়েছে। এর মধ্যে বাসের চেসিস ও ট্রাক উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে।
এক বিবৃতিতে মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, প্রতিষ্ঠানটি সাও বার্নার্ডো কারখানার ২ হাজার ২০০ কর্মীকে ছাঁটাই করবে। পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে কাজ করা ১ হাজার ৪০০ কর্মীর চুক্তির মেয়াদ ডিসেম্বরের পর আর বাড়ানো হবে না।
এরই মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের প্রধান ইউনিয়ন সিন্ডিকাতো ডস মেটালার্জিকোস ডো গ্র্যান্ডে এবিসি জানিয়েছে, শ্রমিক ইউনিয়নের নেতারা সম্প্রতি মার্সিডিজ বেঞ্জের বোর্ডের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মী ছাঁটাই নিয়ে আলোচনা শুরুর অনুরোধ করেছেন। আজ ইউনিয়নের নেতারা বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করার কথা রয়েছে।
কারখানাটিতে ৬ হাজার উৎপাদন কর্মীসহ মোট আট-নয় হাজার কর্মী রয়েছেন। যন্ত্রাংশ ঘাটতির কারণে মার্সিডিজ বেঞ্জ চলতি বছরের শুরুতে কারখানাটির ৬০০ কর্মীকে ছুটিতে পাঠিয়েছিল। জুইজ ডি ফেরাতে সংস্থাটির একটি ট্রাক উৎপাদন কারখানাও রয়েছে।
গত কয়েক বছরে সাও পাওলো রাজ্যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেক কারখানা বন্ধ কিংবা পুনর্গঠনের মুখোমুখি হয়েছে। ২০২১ সালে ব্রাজিল থেকে উৎপাদন সরিয়ে নেয়ার ঘোষণার আগে ফোর্ডের সাও বার্নার্ডো ডো ক্যাম্পোর কারখানা ২০১৯ সাল থেকে বন্ধ ছিল। গত বছর মার্সিডিজ ব্রাজিলের ইরাসেমাপোলিসের কারখানাটি চীনের গ্রেট ওয়াল মোটরসের কাছে বিক্রি করে দিয়েছিল। কারখানাটিতে জার্মান নির্মাতা বিলাসবহুল গাড়ি তৈরি করত।
গত এপ্রিলে টয়োটাও সাও বার্নার্ডো ডো ক্যাম্পোর কারখানা বন্ধের ঘোষণা দেয়। এটি জাপানের বাইরে টয়োটার প্রথম কারখানা ছিল।









