বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পরিচালিত ঢাকা ইপিজেডে এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের স্মার্ট ওয়্যারহাউজ চালু করা হয়েছে। তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের প্রয়োজনীয় লেবেলসহ অন্যান্য পণ্য দ্রুত ও দক্ষতার সঙ্গে সরবরাহের সক্ষমতা বাড়াতে বিদ্যমান কার্যক্রমের সঙ্গে সমন্বিতভাবে প্রযুক্তিনির্ভর এ ওয়্যারহাউজ স্থাপন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গতকাল ওয়্যারহাউজটি উদ্বোধন করেন। বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (ঢাকা ইপিজেড) মোহাম্মদ আব্দুল জব্বার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা ইপিজেডের জোন কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বেপজার কার্যক্রম, ইপিজেডে বিনিয়োগ, রফতানি, কর্মসংস্থান, শ্রম পরিস্থিতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সংস্থাটির ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও কথা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৮৩০ বর্গমিটার আয়তনের স্মার্ট ওয়্যারহাউজটিতে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণ করা যাবে। এতে পণ্য গ্রহণ, সংরক্ষণ, অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেটজাত ও সরবরাহ কার্যক্রম ডিজিটাল ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে পরিচালিত হবে। এটি এভারি ডেনিসনের বৃহত্তর ম্যানুফ্যাকচারিং ৪.০ উদ্যোগের অংশ।










