দেশের নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে দুই দশকেরও বেশি সময় ধরে সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। ২০০২ সালে যাত্রার পর থেকে এ পর্যন্ত হাসপাতালটি ৮ লাখ ১৬ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছে। এ সময়ে মোট স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে সাড়ে ১৩ লাখের বেশি। এর মধ্যে রয়েছে ৪৮৯টি সার্জিক্যাল ক্যাম্প ও ১৯ হাজারের বেশি অস্ত্রোপচার। গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাসপাতালটির কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি এর কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে দেখতে গাইবান্ধায় লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুহুল কুদ্দুস খান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন সেবা ও অবকাঠামো ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা কর্মী, রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন। ইউনিলিভার বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ইউনিলিভারের স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড ‘লাইফবয়’ ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর দীর্ঘদিনের অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হাসপাতালটি ইউনিলিভার বাংলাদেশের দীর্ঘস্থায়ী সামাজিক উদ্যোগগুলোর একটি। ২০০২ সালে ফ্রান্স থেকে আনা একটি বার্জকে পূর্ণাঙ্গ ভাসমান হাসপাতালে রূপান্তরের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। দুর্গম এলাকায় প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাইরে থাকা মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেয়াই ছিল উদ্যোগটির মূল লক্ষ্য।

হাসপাতালটি শুধু ২০২৫ সালেই হাসপাতালটি ৪৮ হাজার ৭৮৪ জন রোগীকে সেবা দিয়েছে। এর মধ্যে ছিল ৩৬ হাজার ৫১টি সাধারণ বহির্বিভাগীয় পরামর্শ, ৪ হাজার ৪৪২টি বিশেষজ্ঞ পরামর্শ, ৯৮৭টি অস্ত্রোপচার ও ২১ হাজার ৫০০টি রোগ নির্ণয়-সংক্রান্ত পরীক্ষা। একই বছরে ২৮ হাজার ২৭৩ জন নারী ও কিশোরী এবং ৬ হাজার ৫৬৪ শিশুও সেবা পেয়েছে। প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা ছিল ৯৮ শতাংশ। এছাড়া রোগী সন্তুষ্টির হার ৯৫ শতাংশ।

চরাঞ্চলের অনেক বাসিন্দাকে স্বাস্থ্যসেবা পেতে দীর্ঘ নৌপথ পাড়ি দিতে হয়। সীমিত পরিবহন ব্যবস্থা, বর্ষাকালে বন্যা, নদীভাঙন ও ভৌগোলিক বিচ্ছিন্নতা সময়মতো চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। এ পরিস্থিতিতে হাসপাতালটি মানুষের কাছে সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে।

পরিদর্শনকালে ইউনিলিভার বাংলাদেশের এমডি ও সিইও রুহুল কুদ্দুস খান বলেন, ‘ইউনিলিভারে আমরা বিশ্বাস করি, সুস্বাস্থ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দুর্গম চরাঞ্চলের লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। এ মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পারা ইউনিলিভারের জন্য গর্বের। ভবিষ্যতেও এ গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সমর্থন অব্যাহত থাকবে, যাতে আরো বেশি মানুষ প্রয়োজনের সময়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পেতে পারে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পরিদর্শনের মধ্য দিয়ে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের দীর্ঘদিনের সহযোগিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতি আরো দৃঢ় হয়েছে।