বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আরো চারটি নতুন বিভাগ চালু করা হয়েছে। বিভাগ চারটি হলো— ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ ও ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি বিভাগ।

আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকে ৬১টি বিভাগ চালু রয়েছে। নতুন চারটি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগ সংখ্যা দাঁড়াল ৬৫-তে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রম অধিকতর গতিশীলকরণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগগুলোর আওতাধীন ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও তাদের শাখাগুলোর পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়নসহ এতদ্সংক্রান্ত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ চালু করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংক পরিদর্শন বিভাগ-১ এর অধীনে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক থাকবে। আর জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের পরিদর্শন কার্যক্রম সম্পাদন হবে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯ থেকে।