লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল চেম্বারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক আয়-ব্যয় হিসাব তুলে ধরা হয়।

লালমনিরহাট চেম্বারের সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও পরিচালক জহুরুল ইসলাম টিটুর সঞ্চালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট পৌরসভার মেয়র ও চেম্বারের পরিচালক মো. রেজাউল করিম স্বপন, সাবেক সভাপতি একেএম কামরুল হাসান বকুল, চেম্বারের সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম তপন, সহসভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান, চেম্বারের পরিচালক মোড়ল হুমায়ুন কবীরসহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা।

সভায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মোগলহাট সীমান্তে পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর দাবি করেন ব্যবসায়ী নেতারা। শিল্পোদ্যোক্তা ও সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ব্যবসায়ীবান্ধব নেত্রী। মোগলহাট স্থলবন্দরের প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে সঠিকভাবে বোঝাতে পারলেই তা পুনরায় চালু করা সম্ভব। লালমনিরহাটে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কোনো বিকল্প নেই। এজন্য রাজনৈতিক ও চেম্বারের যৌথ উদ্যোগ নিতে হবে।

পৌর মেয়র মো. রেজাউল করিম স্বপন বলেন, লালমনিরহাট পৌরসভাকে ব্যবসায়ীদের জন্য গড়ে তোলা হবে। একটি স্বচ্ছ-সুন্দর ও বসবাসের উপযোগী হিসেবে নগরায়ণ হিসেবে গড়ে তোলা হবে। এতে প্রত্যেক ব্যবসায়ীর সহযোগিতা চাই।