নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে তিন সপ্তাহের লকডাউন চলছে। এ পরিস্থিতিতে দক্ষিণ ভারতের পাহাড়ি জেলা কনোড়ে চায়ের নিলাম সাময়িক বন্ধ হয়ে গেছে। পুরো লকডাউনের সময়টা এখানকার চায়ের নিলাম কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন (সিটিটিএ)। তবে এখানকার বাগানগুলোয় উৎপাদন কার্যক্রম চালু থাকবে। খবর বিজনেস লাইন। 

সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেছে সিটিটিএর ব্যবস্থাপনা পর্যদ। বৈঠকে চায়ের নিলাম সাময়িক বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ৩০ মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেছিল সিটিটিএ।

১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের কারণে বন্ধ থাকায় ১৮ এপ্রিল কনোড়ের নিলাম ঘরে মৌসুমের ১৩তম চায়ের নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামটি গত ২৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নভেল করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণা হওয়ায় এটি বাতিল হয়ে যায়।