বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমে যুক্ত হতে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে স্বল্প সুদে ও স্বল্প মেয়াদে চলতি মূলধন ঋণ সরবরাহ করা হবে। ওয়ান ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর কাজী জিয়াউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন। অন্যদিকে ওয়ান ব্যাংকের পক্ষে আরো ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমার্শিয়াল অ্যান্ড এসএমই বিজনেস নেওয়াজ খালিদ আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কাঠামোর আওতাভুক্ত এ ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে সিএমএসএমই খাতের অর্থায়ন ঘাটতি পূরণে সহায়তা দেয়া হবে। পাশাপাশি সহজতর অর্থায়ন সুবিধা ও তুলনামূলক কম সুদহারে ঋণপ্রাপ্তির সুযোগ তৈরি করা হবে। এ উদ্যোগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করছে ওয়ান ব্যাংক।










