যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া চিড়িয়াখানায় প্রথমবারের মতো মা-বাবা হয়েছে প্রায় একশ বছর বয়সী বিপন্নপ্রায় গ্যালপাগোস কাছিম যুগল।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, আব্রাজ্জো ও মমি নামের ওয়েস্টার্ন সান্তা ক্রুজ গ্যালাপাগোস কাচ্ছিম দম্পতির ঘরে জন্ম নিয়েছে চারটি বাচ্চা। চিড়িয়াখানার ১৫০ বছরের ইতিহাসে এই ঘটনা এইবারই প্রথম। ১৯৩২ সালে মমি কাছিমটিকে চিড়িয়াখানায় আনা হয়। মমি কাছিমটি তার প্রজাতির মধ্যে প্রথম যে সবচেয়ে বেশী বয়সে প্রথম মা হয়েছেন। খবর বিবিসি
ওয়েস্টার্ন সান্তা ক্রুজ গ্যালাপাগোস কাছিম বন্যপ্রকৃতিতে চরমভাবে বিপন্ন এবং যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় এদের সংখ্যা ৫০টিরও কম।
আব্রাজ্জো ও মমি দম্পতির প্রথম ডিম ফুটে ফেব্রুয়ারির ২৭ তারিখে। এর পরপরই বাকি ডিমগুলো ফোটে। চিড়িয়াখানার প্রাণি পরিচর্যাকারী দল বাকি ডিমগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। নতুন চারটি কাছিমের ওজন ৭০ থেকে ৮০ গ্রামের মতো। তাদেরকে ফিলাডেলফিয়া চিড়িয়াখানার সরীসৃপ ও উভচর প্রাণী ভবনের অভ্যন্তরে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা"সঠিকভাবে খাচ্ছে ও বেড়ে উঠছে। আগামী ২৩ এপ্রিল এগুলোকে জনসম্মুখে আনার পরিকল্পনা করছেন তারা। সেদিন মমি কাছিমের চিড়িয়াখানায় আগমনের ৯৩তম বার্ষিকী।
এই বাচ্চাগুলো অ্যাসোসিয়েশন অব জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামসের (এজেডএ) প্রজনন কর্মসূচির অন্তর্ভুক্ত। যার উদ্দেশ্য হলো এই প্রজাতিকে টিকিয়ে রাখা এবং জিনগত বৈচিত্র্য বজায় রাখা।
চিড়িয়াখানার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো-এলে মোগারম্যান এক বিবৃতিতে বলেন,"এটি ফিলাডেলফিয়া চিড়িয়াখানার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আমাদের শহর, অঞ্চল এবং বিশ্বের সঙ্গে এই খবরটি দিতে পেরে অত্যন্ত আনন্দিত।
তিনি আরো বলেন, মমি ১৯৩২ সালে চিড়িয়াখানায় এসেছে অর্থাৎ গত ৯২ বছরে যারা এখানে এসেছেন তাদের অনেকেই মমিকে দেখে গেছেন। অন্যদিকে আব্রাজ্জো তুলনামূলক নতুন বাসিন্দা। ২০২০ সালে সে দক্ষিণ ক্যারোলিনার রিভারব্যাঙ্কস জু অ্যান্ড গার্ডেন থেকে এখানে আসে। ফিলাডেলফিয়া চিড়িয়াখানার স্বপ্ন, এই বাচ্চাগুলো যেন ১০০ বছর পরও একটি সুস্থ পৃথিবীতে গ্যালাপাগোস কাছিমের একটি সমৃদ্ধ জনগোষ্ঠীর অংশ হবে।










