আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছত্রাক দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে এক গবেষণায় জানা গেছে।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) প্রকাশিত একটি রেড লিস্টে (লাল তালিকা) দেখা যায়, যে ছত্রাক প্রজাতিগুলো মূল্যায়ন করা হয়েছে সেগুলোর প্রায় এক তৃতীয়াংশ বন উজাড় এবং কৃষিজমির সম্প্রসারণের কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। খবর রয়টার্সের।

পৃথিবীতে প্রাণীজগতের পরেই বৈজ্ঞানিকভাবে দ্বিতীয় বৃহত্তম স্বতন্ত্র জীবজগৎ ছত্রাকের। মৃত জৈব পদার্থের পচনপ্রক্রিয়ায়, স্তন্যপায়ী প্রাণীর পরিপাকতন্ত্রে, বন পুনরুৎপাদনে এবং ওষুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ছত্রাকগোষ্ঠী। এ ছাড়াও, রুটি, বিয়ার এবং অ্যান্টিবায়োটিক উৎপাদনেও ফাঙ্গাসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

কিন্তু পৃথিবীজুড়ে জীবনের ভিত্তি স্থাপনকারী এ ঈস্ট, মোল্ড এবং মাশরুমের ভূমিকা উপেক্ষিত এবং অবমূল্যায়িত হয়ে আসছে বলে জানায় আইইউসিএন। আর তাই সংস্থাটি এর সংশোধনের চেষ্টা করছে।

তাদের সর্বশেষ রেড লিস্ট অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এমন ১ হাজার ৩০০ প্রজাতির ছত্রাকের প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ ৪১১ প্রজাতি একদম বিলুপ্তির পথে।

আইইউসিএনের রেড লিস্ট ইউনিটের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ক্যারোলিন পোলক বলেন, ছত্রাক সব ধরনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছত্রাক ছাড়া যে কোনো বাস্তুসংস্থান দ্রুত ভেঙে পড়তে পারে।

অনেকেই ছত্রাক বলতে শুধু মাশরুমকে চেনেন। কিন্তু এগুলো মূলত একটি বড় জীবের ছোট্ট ফলনদেহ মাত্র। ছত্রাকের প্রধান শরীর থাকে মাটির নিচে বিস্তৃত মাইসেলিয়া নামক শিকড়-সদৃশ কাঠামোতে।

সারা দুনিয়ায় প্রায় ২৫ লাখ ছত্রাকের অস্তিত্ব আছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে খুব সামান্য অংশই আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে উদ্ভিদ ও প্রাণীর তুলনায় ছত্রাকের ওপর হুমকি শনাক্তকরণও খুব ধীর গতিতে চলছে।

আইইউসিএন জানায়, বন উজাড়ের কারণে ১৯৮ প্রজাতির ছত্রাক বিলুপ্তির মুখে। এমনকি যেসব স্থানে নতুন করে বনায়ন করা হচ্ছে, সেখানেও পুরাতন বনভূমিগুলো ধ্বংসের কারণে অনেক সময় ছত্রাক কলোনি তৈরি হচ্ছে না।

তার ওপর কৃষি জমি থেকে নির্গত নাইট্রোজেন ও অ্যামোনিয়া জাতীয় পদার্থও অনেক ছত্রাকের জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছে সংস্থাটি।