প্রয়াত রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির শেষ বিদায়ের আয়োজন খুব ছোট পরিসরে করার শর্ত দিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। শর্তের মধ্যে বলা হয়েছে কোনো গণ জমায়েত করা যাবে না। আর এ শর্ত মানা না হলে কারাগারের ভেতরই নাভালনিকে শায়িত করা হবে। খবর ওয়াশিংটন পোস্ট।
গণমাধ্যমটি জানায়, প্রয়াত রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মা লুদমিয়া নাভালনায়াকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার সরকারের বিরুদ্ধে। গত শনিবার কারাগারে এসে পৌঁছান নাভালনির মা। তবে কারা কর্তৃপক্ষ তাকে মরদেহ বুঝিয়ে দিচ্ছে না। উল্টো নতুন করে তারা হুমকি দিয়েছে, তাদের দেয়া শর্ত অনুযায়ী মরদেহ সমাহিত না করা হলেও কারাগারের ভেতরই তাকে সমাহিত করা হবে।
এ ব্যাপারে নাভালনির মুখপাত্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, ‘এক ঘণ্টা আগে, একজন তদন্তকারী নাভালনির মাকে ডেকে পাঠায় এবং তাকে আল্টিমেটাম দেয়, তিন ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে গোপনে তাকে সমাহিত করার শর্ত মেনে নিতে হবে, অন্যথায় নাভালনিকে কারাগারেই সমাহিত করা হবে।’
তবে তার মা লুডমিলা নাভালনায়া কোনো ধরনের ছাড় দিতে অসম্মতি জানান। কারণ নাভালনিকে কোথায় এবং কীভাবে সমাহিত করা হবে সে বিষয়ে তাদের কোনো কিছু বলার এখতিয়ার নেই বলেও জানান নাভালনির মুখপাত্র।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক ছিলেন নাভালনি। গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক প্রিজন কলোনিতে আকস্মিক মৃত্যু হয় নাভালনির। মৃত্যুর সময় বিভিন্ন অভিযোগে পাওয়া ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। অনেকের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসা থেকে নাভালনিকে এসব কারাদণ্ড দেয়া হয়েছিল।










