কুয়েতে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে কুয়েত সরকার। একই সঙ্গে তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ‘নৃশংস ও অব্যাহত আগ্রাসনের’ প্রতিবাদ জানাতে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়। বৈঠকে কুয়েত আনুষ্ঠানিকভাবে এ ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায়।
বিবৃতিতে আরো বলা হয়, ইরানি কূটনৈতিক মিশনের ওই দুই সদস্যকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাদের অবিলম্বে কুয়েত ত্যাগ করতে হবে। এ জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে বহিষ্কৃত দুই কূটনীতিকের পরিচয় বা তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরআগে কুয়েতের মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েতের বিমানবন্দরে ড্রোণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এ হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৬৩জন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বেসামরিক লোকজন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, কুয়েতের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিক ও বাসিন্দাদের জীবনের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’। যা কেউ লঙ্ঘন করতে পারবে না। বারবার এমন হামলা করা ইরানের একটি পরিকল্পিত শত্রুতামূলক আচরণ। কুয়েত এটি কোনোভাবেই মেনে নেবে না বা সহ্য করবে না। এরই জেরে এবার দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল কুয়েত










