যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হচ্ছেন ইউক্রেনের
সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। ইউক্রেনের সামরিক পদ থেকে অপসারণের মাসখানেক পরেই তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল-জাজিরা।
গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) ইউক্রেনের
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল জালুঝনিকে নিয়োগের জন্য যুক্তরাজ্যের কাছে
অনুরোধ পাঠানো হয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের সাবেক
রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা
করায় ২০২৩ সালের জুলাই মাসে বরখাস্ত হন। এরপর থেকে পদটি ফাঁকা থাকায় সেখানে জালুঝনিকে
নিয়োগ দেয়া হচ্ছে বলে গণমাধ্যমটির খবরে বলা হয়েছে।
নিয়োগের সময় জেলেনস্কি দাবি করেন,
পদটির প্রতি আগ্রহ দেখান জেনারেল জালুঝনি। কারণ কূটনীতির এই বিষয়টিকেও চ্যালেঞ্জ হিসেবে
নিতে চান তিনি।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে
কিয়েভ বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন জালুঝনি। সংঘাতের প্রথম দিকে রাশিয়ার শক্তিশালী হামলাকে
অনেকটাই প্রতিহত করেছিলেন তিনি। এরপরেও গত মাসে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়
তাকে। ধারণা করা হয়, জালুঝনি জেলেনস্কির সম্ভব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।










