আবারো তুমুল বৃষ্টি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন পার্ক ও সমুদ্র সৈকত। প্রবল বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। খবর খালিজ টাইমস।

দুর্যোগপূর্ণ আবহাওয়া সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি অংশে আঘাত করায়, অনেক এলাকায় ডেলিভারি বন্ধ হয়ে গেছে। ডেলিভারি অ্যাপ ‘‌করিম’ নিজেদের অ্যাপে একটি সতর্কতা জারি করে জানায়, ‘‌নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কিছু অঞ্চলে ডেলিভারি বন্ধ বা বিলম্বিত হতে পারে।’

দুবাইয়ের পৌরসভা বুধবার আবহাওয়ার কারণে আমিরাতের সমস্ত সৈকত, পাবলিক পার্ক এবং বাজার বন্ধ করার ঘোষণা দিয়েছিল।  এছাড়া দুই দিনের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে৷

এর আগে গত সপ্তাহে হঠাৎ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। মরুভূমি ও শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত আমিরাতে বৃষ্টির পানিতে তলিয়ে রাস্তাঘাট ও বিমানবন্দর। টানা তিনদিনের বৃষ্টি ও বজ্রঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েন দেশটির নাগরিকরা।

তবে সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই আবার ভারি বৃষ্টি শুরু হয়েছে। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। তারা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন।