গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায়
পাঁচ শিশুর প্রাণ গেছে বলে দাবি করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরো
বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (৮ মার্চ) অজ্ঞাত ত্রাণবাহী
উড়োজাহাজ থেকে মানবিক সহায়তা ফেলার পর এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজ।
স্থানীয় গণমাধ্যমের দাবি, ত্রাণ বিতরণে ছিল না শৃঙ্খলা। যেনতেনভাবে
ত্রাণ পৌঁছানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে।
গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা
যায় শুক্রবার একটি ত্রাণবাহী উড়োজাহাজ থেকে কয়েক ডজন ত্রাণ সামগ্রীর বস্তা প্যারাসুটের
মাধ্যমে নিচে পড়ছে এবং এগুলোকে সংগ্রহ করার জন্য শরণার্থীরা ছোটাছুটি করছে। তবে আকাশযানটি কোন দেশের বা সংস্থার সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, গাজায় ত্রাণবাহী
উড়োজাহাজ পাঠাতে তারা সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সহযোগিতা করছে।
এদিকে হামলার পাশাপাশি গাজায় অবরোধ অব্যাহত রেখেছে
ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা
দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
গত ২ মার্চ প্রথমবারের মতো গাজায় উড়োজাহাজ
থেকে ত্রাণসামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সঙ্গে সমন্বয় করে সেদিন গাজার উপকূলজুড়ে
৩৮ হাজার মানুষের খাবার সরবরাহ করা হয়।










