নিউইয়র্ক শহরের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের সঙ্গে একটি মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে দু’জনই জাহাজের নাবিক। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। খবর বিবিসি।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় মেক্সিকান প্রশিক্ষণ জাহাজ কুয়াওতেমোক ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিলে ঘটে এই দুর্ঘটনা। জাহাজটি মেক্সিকান নৌবাহিনীর তরফে একটি সৌহার্দ্য সফরে যুক্তরাষ্ট্রে এসেছিল। জাহাজটিতে মোট ২৭৭ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজটির সুউচ্চ মাস্তুল ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের গায়ে লেগে যায়। মাস্তুলে তখন নাবিকরাও দাঁড়িয়ে ছিলেন। সংঘর্ষের পর সব মাস্তুল ভেঙে ডেকে গিয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড জানিয়েছে, কুয়াওতেমোক তার তিনটি মাস্তুলই হারিয়েছে এবং জাহাজের সব আরোহীকেই উদ্ধার করা হয়েছে। কেউ পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, জাহাজটির যান্ত্রিক সমস্যার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের প্রাথমিক ধারণা। সংঘর্ষের সময় এটি ব্রুকলিন ব্রিজের একটি পিলারে ধাক্কা খায়।

দুর্ঘটনার সময় জাহাজের আশপাশে ভিড় করা মানুষ আতঙ্কে দৌঁড়ে সরে যান। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কেলভিন ফ্লোরেস বিবিসিকে বলেন, ‘আমি কাজ করছিলাম, হঠাৎ বাইরে এসে দেখি চারপাশে বিশাল হইচই চলছে। অ্যাম্বুলেন্স আর পুলিশ চেষ্টা করছিল ঘটনাস্থলে পৌঁছাতে, কিন্তু রাস্তাগুলো তখন ঠাসা ট্রাফিকে। আহতদের স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল। দৃশ্যটা ছিল ভয়াবহ।‘

দুর্ঘটনার পর ব্রুকলিন ব্রিজ দ্রুত পরিদর্শন করে খুলে দেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো বড় ধরনের ক্ষতির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে নিউ ইয়র্কের পরিবহন কর্তৃপক্ষ।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এ দুর্ঘটনায় দুই নাবিকের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন।