ভারতের উত্তরাখণ্ডে একটি টানেল ধসে আটকা পড়েছেন ৪০ জন শ্রমিক। গতকাল রোববার (১২ নভেম্বর) সকাল থেকে তাদের উদ্ধারে কাজ করছে একাধিক সংস্থা। আজ সোমবার সকালেও সেই তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে একটি নির্মাণাধীন টানেল গতকাল ভোর ৫টার দিকে আংশিকভাবে ভেঙে পড়ে। ওই সময়ে ভেতরে ছিলেন ৪০ জন শ্রমিক।

একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের সবাই নিরাপদে আছেন। পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও জানান যে তাদের জন্য খাদ্য ও পানি পাঠানো হয়েছে।

সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বেরিয়ে আসার পথ প্রস্তুত করতে এখন পর্যন্ত ২০ মিটার ধ্বংসাবশেষ অপসারণ করা গেছে এবং আরও প্রায় ৩৫ মিটার পথ পরিষ্কার করতে হবে।

উত্তরাখণ্ডের উত্তরকাশীর দান্দলগাঁও থেকে সিল্কিয়ারাকে সংযুক্ত করার জন্য টানেলটি নির্মিত হচ্ছে। এটি সম্পন্ন হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম পর্যন্ত যাত্রা ২৬ কিলোমিটার সড়কপথ কমিয়ে আনা যাবে।

সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের বাড়ি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে।

উদ্ধার অভিযান পরিচালনা করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স (এসডিআরএফ) ও পুলিশ।