চীনের জিয়াংশি প্রদেশে শিনইউ শহরের একটি দোকানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটেছে। বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে সংশ্লিষ্টরা। খবর বিবিসি।

গ্লোবাল টাইমসের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করছে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। কয়েকদিন আগে দেশটির হেনান প্রদেশের একটি স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১৩ শিশু প্রাণ হারায়। ওই স্কুলের সাতজন স্টাফকে পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ।

গত নভেম্বরে চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়। সে সময় আরও বেশ কয়েকজন আহত হয়।