ইউক্রেনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সেনা পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সামরিক জোট ন্যাটো। এর আগে এক বৈঠকে কিয়েভে সেনা মোতায়েনের প্রস্তাব করেন মাখোঁ তবে এ সিদ্ধান্ত নাকচ করেছে মার্কিন নেতৃত্বাধীন এই জোট।

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেখানে ন্যাটো সেনা মোতয়েন করা হলে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি সময়ে ইউক্রেনে বেশ সাফল্য পাচ্ছে রুশ সেনারা। অন্যদিকে নিজেদের যুদ্ধ রসদে টান পড়ায় বারবার পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হচ্ছে কিয়েভ।

ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুকে সামনে রেখে এর আগে সোমবার ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে প্রস্তাবনা দিয়েছিলেন প্রেসিডেন্ট মাখোঁ। তবে এ প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশ।

মাখোঁ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, নিরাপত্তার প্রয়োজনে সেখানে (ইউক্রেনে) সেনা মোতায়েনের বিষয়টি বাদ দেয়া উচিত নয়। তিনি আরো বলেন, ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে কোনও ঐক্যমত হয়নি, তবে বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।