ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তার নাম ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করেছে রাশিয়া। শনিবার (৪ মে) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স। 

রাশিয়ার পক্ষ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের কয়েক রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে রাশিয়ার পুলিশ বাহিনীর পক্ষ থেকে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রীসহ লাটভিয়ার আইনসভার সাবেক কয়েকজন সদস্যকে ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়।

রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক কৌঁসুলির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই কৌঁসুলি গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত করতে কাজ করেছিলেন। 

এদিকে এ বিষয়ে রাশিয়ার সমালোচনা করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হয়েছেন।

জেলিনস্কিকে ওয়ান্টেড তালিকায় রাখার বিষটিকে রাশিয়ান রাষ্ট্রীয় যন্তের অকার্যকারিতা এবং মিথ্যা প্রপাগান্ডা চর্চার প্রমাণ বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।