ইরানের প্রেসিডেন্ট, সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।
নতুন সর্বোচ্চ নেতার নিয়োগকে ‘মর্যাদা ও শক্তির নতুন যুগের সূচনা’ বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি দেশটির ধর্মীয় নেতাদের পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, মোজতবা খামেনির নিয়োগ দেশের জন্য ‘মর্যাদা ও শক্তির নতুন যুগের সূচনা’ করবে।
ফার্স নিউজ এজেন্সির বরাতে এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘এই মূল্যবান সিদ্ধান্ত ইসলামি জাতির ঐক্যকে আরো সুসংহত করার ইচ্ছার প্রতিফলন। এমন এক ঐক্য, যা শক্ত দেয়ালের মতো ইরানি জাতিকে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলেছে।‘















