যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে পদদলিত হয়ে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা রাজধানীর সানার একটি বিদ্যালয়ে সাহায্য নিতে জড়ো হয়েছিলেন। খবর এপি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়নে একটি দাতব্য সংস্থা থেকে জন প্রতি ১০ ডলার করে দেয়া হচ্ছিল ওই স্থানে।

সাম্প্রতিক বছরে ইয়েমেনে বড় ধরনের হতাহতের ঘটনাগুলো দীর্ঘস্থায়ী যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এবার ঈদুল ফিতরের আগে সাহায্য নিতে দিয়ে বিয়োগান্তক এ ঘটনা ঘটল।

২০১৫ সালে সরকার উৎখাত করার পর থেকে হুথি বিদ্রোহীরা শহরটি নিয়ন্ত্রণ করছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ বিতরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করা হয়েছে ও তদন্ত চলছে।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হুথি যোদ্ধারা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় আকাশে গুলি ছুড়লে বৈদ্যুতিক তারে বিস্ফোরণ ঘটে। এরপর আতঙ্কিত মানুষ স্থানটি ত্যাগ করার চেষ্টা করে।

হুথিদের পক্ষ থেকে বলা হয়ছে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই হাজার ডলার করে দেয়া হবে ও আহতরা পাবে ৪০০ ডলার।

ইয়েমেনের যুদ্ধে দেড় লাখের বেশি মানুষ মারা গেছে। দুই কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে তিন-চতুর্থাংশ মানুষেরই সাহায্য প্রয়োজন বলে বিভিন্ন সংস্থার বরাতে জানা গেছে।