প্রায় মধ্যরাত, স্থান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, সড়ক দিয়ে চলছে
একটি বাস। না, কোনো চালক নেই। এতদিন চালকবিহীন ব্যক্তিগত গাড়ির কথা শোনা গেলেও এবার
রাস্তায় চলল চালকবিহীন বাস। সে বাসে যাত্রীও ছিল। খবর বিবিসি।
বাসের নাম এ২১। চালকের আসনে অবশ্য একজন বসা ছিল। ওই পর্যন্তই। তার
হাতে আসলে বাসের কোনো নিয়ন্ত্রণ ছিল না। বাস চালাচ্ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত
ডিভাইস। এটা প্রমাণের জন্য চালকের আসনে বসে থাকা লোকটি এক পর্যায়ে স্টিয়ারিং ছেড়ে
দেয় এবং প্যাডেল থেকে পা তুলে নেয়।
সিউলের সড়কে চলার সময় গাড়িটি প্রায় নিখুঁতভাবে ট্রাফিক নিয়ম নেমে
চলে। যথাযথ কোণে বাঁক নেয় এবং ট্র্যাফিক বোর্ডে লাল বাতি জ্বললে থামে।
চালকবিহীন বাস সেবা এসইউএম (স্মার্ট ইওউর মোবিলিটি)-এর পরিচালন প্রধান৷
পার্ক কাং-উক বলেন, ‘একদিন সিউলের সব বাস চালকবিহীন হয়ে যাবে।’
আরো জানান, পরীক্ষামূলকভাবে এই বাস রাস্তায় নামিয়েছেন তারা। নিরিবিলি
রাতের রাস্তাগুলো প্রযুক্তি পরীক্ষা করার জন্য আদর্শ জায়গা। যদিও বাসে সেবার মান এখনো
পুরোপুরি নিখুঁত হয়নি। আপাতত এই বাসে যাত্রী উঠলে সবসময় সিটবেল্ট পরে থাকতে হবে। প্রাথমিকভাবে
চালকের আসনে একজন বসে থাকবেন, যাতে কিছু ভুল হলে বাসের নিয়ন্ত্রণ নিতে পারেন তিনি।
কিছুদিন পর হয়তো এই লোকটারও প্রয়োজন পড়বে না।
যাত্রা শেষে অধিকাংশ যাত্রী মোটামুটি স্বস্তি প্রকাশ করেছেন। এক ছাত্র
বলেন, ‘আমি রীতিমত শিহরিত হচ্ছিলাম!’










