ট্রাম্পকে হত্যাচেষ্টাকারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা ওই ব্যক্তির নাম থমাস ম্যাথিউ ক্রুকস বলে জানিয়েছে তারা।

এক বিবৃতিতে এফবিআই আরো জানিয়েছে, ট্রাম্পের ওপর গুলি চালানো ম্যাথিউ প্যানিসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা, তার বয়স ২০ বছর।

রোববার (১৪ জুলাই) সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রাজ্যের ভোটার তালিকার রেকর্ড থেকে জানা গেছে ট্রাম্পের হত্যাচেষ্টাকারী ম্যাথিউ একজন নিবন্ধিত রিপাবলিকান ছিলেন। 

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার এই ঘটনাকে এফবিআই হত্যা চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে হামলার ঘটনার পরপরই অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন।

মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এজেন্টদের গুলিতে নিহত হওয়ার আগে বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উঁচু অবস্থান থেকে মঞ্চের দিকে একাধিক গুলি করে।

হামলার পরপরই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প মাটিতে পড়ে যান। এ সময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে। এই ঘটনার পর পরই সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করলে তিনি নিহত হন। এছাড়া আরো দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।