ব্যক্তিগত নিরাপত্তার
দায়িত্বে থাকা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিভাগটির দুই কর্মকর্তাকে চলতি সপ্তাহে আটক করার পর এমন পদক্ষেপ নেয়া হলো। বৃহস্পতিবার (৯ মে) কিয়েভভিত্তিক সংবাদমাধ্যম
কিয়েভ পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের বরখাস্ত প্রধানের নাম সের্গেই লিওনিদোভিচ রাদ। বৃহস্পতিবারই তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়। তবে ওই আদেশে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। এমনকি উল্লেখ
করা হয়নি ফাঁকা পদে কাকে নিয়োগ দেয়া হবে তাও।
উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করে, তারা
দেশটির প্রেসিডেন্টসহ কয়েকজন কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হয়েছে।
এ ষড়যন্ত্রের সঙ্গে রাশিয়া সংশ্লিষ্ট বলেও তারা উল্লেখ করেন। ওই সময় রুশ
নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য পাচারের অভিযোগে নিজেদের রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের
দুই কর্নেলকে আটকের কথাও জানায় এসবিইউ।
প্রেসিডেন্টসহ দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ। ২০১৯ সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাদ।










