ভারতে চলমান কৃষক আন্দোলনে আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির হরিয়ানার খনৌরি সীমান্তে মারা যান দর্শন সিং (৬২) । বৃহস্পতিবার রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর আনন্দবাজার পত্রিকা।

ভারতের পাঞ্জাবের ভাটিন্ডার আমারগড় গ্রামের বাসিন্দা তিনি। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দর্শন খনৌরি সীমান্তে বসেছিলেন। অন্যদের সঙ্গে তিনিও ‘দিল্লি চলো’ আন্দোলনে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী তাকে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

আমারগড় গ্রামে আট একর জমির মালিক ছিলেন এ কৃষক। তবে তার মাথায় ছিল  আট লাখ টাকার ঋণ। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলো দর্শনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছে। তাদের দাবি, সীমান্তে এমন আরো অনেক কৃষকের মৃত্যু হতে পারে। মৃত্যু এড়াতে দাবিদাওয়াগুলো মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

গত ১৩ ফেব্রুয়ারি থেকে ‘দিল্লি চলো’ আন্দোলনের ডাক দিয়েছে ভারতের পাঞ্জাব, হরিয়ানার বেশ কিছু কৃষক সংগঠন। নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেয়ার জন্য তাদের এ আন্দোলন। দিল্লিতে প্রবেশের আগে সীমান্তে তাদের সঙ্গে প্রতিদিনই পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকবার সরকারের সঙ্গে বৈঠক হয়েছে আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধিদের। কিন্তু কোনো সমাধান হয়নি।