বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সহিংসতায়
প্রাণ গেছে ১৭০ জনের। গত সপ্তাহে ওই অঞ্চলের তিনটি গ্রামে এ প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সংবাদটি প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম
আল-জাজিরা।
গত ২৫ ফেব্রুয়ারি দেশটির উত্তরাঞ্চলের
ইয়াতেঙ্গা প্রদেশের কমসিলগা, নোদিন ও সোরো নামের তিনটি গ্রামে সহিংসতার খবর পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই সব ঘটনায় প্রায় ১৭০ জন নিহত হয়েছে। গতকাল রোববার (৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তা অ্যালি বেনিয়ামিন কুলিবালি।
এসব হামলার ঘটনায় এখনো পর্যন্ত নির্দিষ্ট করে
কোনো দল বা গোষ্ঠীকে দায়ী করেনি প্রশাসন।
এছাড়া ২৬ ফেব্রুয়ারি উত্তর বুরকিনা ফাসোর
একটি মসজিদ ও গির্জায় প্রাণঘাতী হামলা হয়েছিল। তবে এর মধ্যে তিনটি গ্রামে হামলার যোগসূত্র নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।










