এডেন উপসাগরে একটি জাহাজে হুথিদের হামলায়
প্রাণ হারিয়েছেন সংশ্লিষ্ট জাহাজের তিন নাবিক। এতে আহত হয়েছেন আরো একজন। গতকাল বুধবার
(৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। গত বছর ইয়েমেনের
কাছে সমুদ্রসীমায় বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা শুরুর পর এবারই প্রথম প্রাণহানির
ঘটনা ঘটলো। খবর দ্য গার্ডিয়ান।
মার্কিন সংবাদ সংস্থাকে দেয়া দেশটির
প্রতিরক্ষা কর্মকর্তাদের খবর থেকে জানা যায়, হামলার পর এমভি ট্রু কনফিডেন্স নামের ওই
জাহাজটির কিছু ক্রু পালিয়ে গেছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি হুথিদের হামলার
শিকার হয়েছে এই জাহাজ। তবে হুথিরা আনুষ্ঠানিকভাবে এখনো এই হামলার দায় স্বীকার করেননি।
যদিও এডেন উপসাগর এবং লোহিত সাগরে হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে যেসকল হামলা হয়েছে
তার সবই হুথিদের হামলা বলে জানিয়েছে গার্ডিয়ান।
এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের
রাজধানী সানায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস। মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের এক বার্তায়
দূতাবাসটি জানিয়েছে, হুথিদের হামলায় নিরাপরাধ দুই নাবিক নিহত হয়েছেন। যেটি ছিল আন্তর্জাতিক
শিপিংয়ে হুথিদের বেপরোয়াভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুঃখজনক ফলাফল। হুথিদের অবশ্যই
থামতে হবে বলে হুঁশিয়ারি দেয় দূতাবাসটি।
পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয় তাদের
বিবৃতিতে নিহতের সংখ্যা তিনজন বলে উল্লেখ করেছে।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও তাদের সহযোগিতার
প্রতিবাদে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে
যাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে দক্ষিণ-পূর্ব এডেন উপসাগরের ৫০ নটিকেল
মাইল গভীরে হামলার শিকার হয় ওই জাহাজ। পরে জাহাজটিকে আগুন ধরা অবস্থায় চলতে দেখা যায়
বলে জানিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ।










