শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার ও থাইল্যান্ড। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে শতাধিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ৮১ জন নির্মাণ শ্রমিক নিখোঁজের খবর জানা গেছে। ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর সিএনএন ও বিবিসি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে, যা বর্তমানে দেশটির গৃহযুদ্ধকবলিত এলাকা। সেখানে বহু ঘরবাড়ি ধসে পড়েছে, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে ও রাজধানী নেপিদোতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।
মিয়ানমারের মান্দালয়ে উদ্ধারকারী একটি দল বিবিসিকে জানিয়েছে, আজকের ভূমিকম্পে ঠিক কতজন মারা গেছে তা এখনো জানা যায়নি। তবে সংখ্যা অন্তত কয়েক শত হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তারা ভবনের বাইরে বেরিয়ে আসতে পারেননি। মান্দালয়ের ২৬ বছর বয়সী এক বাসিন্দা বলেন, ‘আমরা টেবিলের নিচে লুকিয়েছিলাম। মনে হচ্ছিল পুরো ভবন ধসে পড়বে।’
ভূমিকম্পের তীব্রতা থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। ব্যাংককের চাতুচাক পার্কের কাছে একটি বহুতল নির্মাণাধীন ভবন ধসে পড়ে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফুমথাম ওয়েচাচাই জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। ৮১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে।
ব্যাংককের গভর্নর সতর্ক করে বলেছেন, শহরের বিভিন্ন উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মিয়ানমার কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। সামরিক শাসনের কারণে দেশটির অবকাঠামো ও জরুরি সেবা খাত দুর্বল হয়ে পড়েছে, যা এ দুর্যোগ মোকাবেলাকে আরো কঠিন করে তুলেছে। জাতিসংঘ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা নির্ধারণে কাজ করছে। প্রয়োজন হলে তাদের পক্ষ থেকে মানবিক সহায়তা দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়েছে। চীনের ইউনান প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।
মিয়ানমারের সামরিক জান্তা জনগণকে আহতদের জন্য রক্তদান করার আহ্বান জানিয়েছে। তবে গৃহযুদ্ধকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।















