ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ মঙ্গলবার ভারতের ৯৩টি আসনে ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতা লড়ছেন। খবর এনডিটিভি।
লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ১০টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ৪টি, আসামের ৪টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাটের ২৫টি, কর্ণাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তর প্রদেশের ১০টি এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমনদিউতে ১টি আসনে ভোট গ্রহণ চলছে। এ ধাপে ভোটে মোট প্রার্থী ১৩৫১ জন।
এদিকে, তৃতীয় ধাপে ৯৪টি আসনে এই ধাপে ভোট হওয়ার কথা থাকলেও গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রজৌরি লোকসভা আসনে ভোটগ্রহণের দিন পিছিয়ে ২৫ মে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এছাড়া মধ্য প্রদেশের বেতুল লোকসভা আসনে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের সময় ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার ভোট পিছিয়ে আজকের জন্য নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে আজ সেখানে ভোটগ্রহণ হচ্ছে।










