থাইল্যান্ডের ব্যাংককে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে এ বছরের মুকুট নিজের করে নিয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। বাংলাদেশ সময় শুক্রবার সকালে আয়োজিত চূড়ান্ত পর্বে গতবারের বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ তার মাথায় মুকুট পরিয়ে দেন। ঘোষণার মুহূর্তে আবেগে ভেঙে পড়েন ফাতিমা; বাকি প্রতিযোগীদের জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গেছে তাকে।

প্রতিযোগিতার শুরু থেকেই নানা বিতর্ক ও নাটকীয়তা ঘিরে ছিল এবারের আসর। সঞ্চালকের কটাক্ষ, কিছু দেশের প্রতিনিধির অসন্তোষ আর মাঝপথে ওয়াকআউট—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিল মিস ইউনিভার্স ২০২৫। সেই মঞ্চেই নিজের আত্মবিশ্বাস ও উপস্থাপনায় সবার নজর কাড়েন ২৫ বছর বয়সী ফাতিমা বশ।

মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জিতে আলোচনায় আসেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে—ইনস্টাগ্রামে অনুসারী ৯ লাখ ৯০ হাজারের বেশি, টিকটকে ৬ লাখ ৯০ হাজার।

এবারের প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিংহ। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনিজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে। প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হয়ে মঞ্চে আসেন নাদিন আয়ুব; সেমিফাইনালে উঠলেও শীর্ষ ৩০ থেকে বাদ পড়েন তিনি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, আর উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর।

চূড়ান্ত গণনায় প্রতিযোগীদের করা দুই প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়েছে এ বছরের মিস ইউনিভার্স। যদিও ফাতিমার প্রাইজমানি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কর্তৃপক্ষ, তবে নিয়ম অনুযায়ী বিজয়ী সচরাচর ২ লাখ ৫০ হাজার ডলার পান। পাশাপাশি তিনি প্রতি মাসে ৫০ হাজার ডলার ভাতা, নিউইয়র্ক সিটির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং প্রায় ৫০ লাখ ডলার মূল্যের মুকুটের সুবিধা পান।

সব বিতর্ক, চাপ ও নাটকীয়তার মধ্যেও দারুণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত বিশ্বসুন্দরীর মুকুট জিতে নিলেন মেক্সিকোর ফাতিমা বশ, যা দেশটির জন্য নতুন গর্বের অধ্যায় হয়ে থাকল।