ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মুখে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির প্রধান হাসপাতালগুলোকে মাটির নিচের সুরক্ষিত বাঙ্কারে কার্যক্রম স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। খবর সিএনএন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন নেই এমন রোগীদের এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত বড় ধরনের কোনো বিপর্যয় মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা খালি রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে তেল আবিবের সুরাসকি মেডিকেল সেন্টার তাদের আন্ডারগ্রাউন্ড ইমার্জেন্সি ইউনিট চালু করেছে। অন্যদিকে, রামাত গানের শেবা মেডিকেল সেন্টারও তাদের গুরুত্বপূর্ণ বিভাগগুলোকে মাটির নিচে সরিয়ে নেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।
এছাড়া হাইফার রামবাম হাসপাতাল তাদের বিশাল আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকা খালি করে জরুরি চিকিৎসার উপযোগী করে তুলছে। হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অতি জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে না আসার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।
ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে কাজ করছে। বর্তমান পরিস্থিতিকে ‘রুটিন’ অবস্থা থেকে ‘জরুরি’ অবস্থায় রূপান্তর করা হয়েছে।
যেকোনো দ্রুত ও সর্বোচ্চ সেবা দেয়ার জন্য দেশটির সব চিকিৎসা ও লজিস্টিক টিমকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। মূলত সম্ভাব্য পাল্টা হামলা ও এর ফলে সৃষ্ট হতাহত সামাল দিতেই এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।















