সুদানের একটি শহরের প্রায় ৮ লাখ বাসিন্দা ‘চরম ও যেকোনো আক্রান্ত হওয়ার মতো বিপদে’ রয়েছেন বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। নিরাপত্তা পরিষদকে তারা জানান, উত্তর দারফুর জুড়ে রক্তক্ষয়ী আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। খবর রয়টার্স।

এক বছর আগে সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হয়েছিল। এ ঘটনার বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছিল।

জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো জানান, উত্তর দারফুরের রাজধানী এল ফাশারের কাছে আরএসএফ ও এসএএফের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেয়া সাম্প্রতিক এক সতর্কবার্তার রেশ ধরে ডিকার্লো বলেন, ‘এল ফাশারে লড়াই দারফুর জুড়ে রক্তাক্ত আন্তঃসাম্প্রদায়িক বিবাদের দিকে ঠেলে দিতে পারে।’

জাতিসংঘ বলছে, সুদানের জনসংখ্যার অর্ধেক প্রায় আড়াই কোটি মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন। এর মধ্যে প্রায় ৮০ লাখ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে।

জাতিসংঘের সহায়তা বিষয়ক কার্যক্রমের পরিচালক এডেম ওসোর্নু বলেন, ‘সহিংসতা এল ফাশারের ৮ লাখ বেসামরিক বাসিন্দার জন্য সংঘাত চরম ও তাৎক্ষণিক বিপদ ডেকে আনতে পারে।’

গত সপ্তাহে প্যারিসে এক সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত সুদানের জন্য ২০০ কোটি ডলারেরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে দাতারা।