দক্ষিণ লেবাননে গতকাল ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। একই সময়ে হিজবুল্লাহ জানিয়েছে, তারাও ইসরায়েলি বাহিনীর ওপর নতুন হামলা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবাননে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে। খবর রয়টার্স।
হালনাগাদ পরিসংখ্যানে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, মার্চে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
মূলত ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরও সংঘর্ষ থামেনি, যদিও তা বেশির ভাগ ক্ষেত্রে দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ ছিল।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত তৃতীয় দফা আলোচনার পর লেবানন ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণা দেয়া হয়। লেবাননের এক কর্মকর্তা জানান, এ সম্প্রসারণ মধ্যরাতে কার্যকর হয়েছে।
যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন এ মধ্যস্থতায় ইরান-ইসরায়েল সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টাও চলমান রয়েছে। ইরান বলেছে, বৃহত্তর সংঘাত নিয়ে কোনো চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে হবে।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ২ মার্চ থেকে অভিযান চলাকালে এখন পর্যন্ত তাদের ১৮ জন সেনা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়ে কাজ করা একটি নির্মাণ কোম্পানির এক ঠিকাদারও মারা গেছেন। এছাড়া হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।










