ইসরাইলের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার (৫ মার্চ) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ এ আহ্বান জানান ব্লিংকেন।
এদিকে আলোচনার মধ্যস্থতাকারীরা গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য তৃতীয় দিনের মতো কায়রোতে বসেছেন। যুক্তরাষ্ট্র, হামাসের প্রতিনিধি, মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বসে পবিত্র রমজান মাসের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন।
মিসরের আল কাহেরা নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনা অনেক কঠিন, তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
আলোচনার মূল বিষয়ে রয়েছে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা জোরদারসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসের প্রতি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে আমরা যুদ্ধবিরতিসহ জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার একটি সুযোগ পেয়েছি। এছাড়াও মানবিক সহায়তা সরবরাহ বাড়ার পাশাপাশি স্থায়ী সমস্যার সমাধানে শর্ত দেয়া যেতে পারে।
তিনি আরো বলেছেন, হামাস যুদ্ধবিরতিতে অংশ নিতে প্রস্তুত কিনা সে সিদ্ধান্ত তাদের।
গত মাসে আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী রায় সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।










