যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জোনাথন ম্যাককিনসি নামে দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে সান ফ্রান্সিসকোর পূর্বে ডাবলিন শহরের একটি স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। ৪০ বছর বয়সী ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। খবর সিএনএন।
ডাবলিন পুলিশ সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, ওই এলাকায় টহলরত এক পুলিশ সার্জেন্ট ম্যাককিনসিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। একই সময়ে প্রত্যক্ষদর্শীরা ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান। এ ঘটনায় ম্যাককিনসির শ্বশুর-শাশুড়ি শৌইয়ং ঝাং ও শিলি চেনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনের বয়সই ৭৬ বছর। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
ম্যাককিনসি ও জ্যাংয়ের বিবাহবিচ্ছেদ মামলায় শুনানি হওয়ার এক সপ্তাহ আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সন্তানদের হেফাজত নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল ম্যাককিনসির। আদালতের নথিতে দেখা যায়, ২০১২ সালের দিকে তাদের বিয়ে হয় এবং তাদের তিন সন্তান রয়েছে।
২০২৩ সালে ম্যাককিনসির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন জ্যাং। এতে তিনি উল্লেখ করেন, ম্যাককিনসি সন্তানদের সঙ্গে রুক্ষ আচরণ করতেন ও তাদের শারীরিক শাস্তি দিতেন।
গত বছরের অক্টোবরে এ সংক্রান্ত মামলায় গ্রেফতার হন ম্যাককিনসি। পুলিশ জানায়, ম্যাককিনসি এক সন্তানকে চড় মারার কথা স্বীকার করেছিলেন। পাশাপাশি অন্য এক সন্তানকে বিপদের মধ্যে ফেলার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়। এরপর জ্যাং তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধে একটি সুরক্ষা আদেশ পান।
ম্যাককিনসি এ মামলায় জামিনে ছিলেন এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিকল্প একটি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে সান হোসে মার্কারি নিউজ।
সম্প্রতি ম্যাককিনসিও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সুরক্ষা আদেশ চেয়ে আদালতে আবেদন করেন এবং বিবাহবিচ্ছেদের মামলা করেন। ম্যাককিনসির অভিযোগ, তাকে এবং তাদের এক সন্তানকে এলজিবিটিকিউবিরোধী কটূক্তি করেছেন জ্যাং। পরে তিনি সন্তানদের সঙ্গে আরো বেশি সময় কাটানোর আবেদনও করেন।










