পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদান সংক্রান্ত বিল পাস করেছে তুর্কি পার্লামেন্ট। তুরস্কের পার্লামেন্টে দীর্ঘ এক আলোচনার পর উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগদানের অনুমতি বিলের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহনের মাধ্যমে এই বিল পাস হয়। খবর আনাদোলু এজেন্সি।
গতকাল মঙ্গলাবার (২৩ জানুয়ারি) ন্যাটোতে সুইডেনের যোগদানের বিলটি তুরস্কের পার্লামেন্টে পাস করা হয়েছে। ভোটে অংশগ্রহণকারী ৩৪৬ সংসদ সদস্যের মধ্যে বিলটির পক্ষে ভোট দিয়েছেন ২৮৭ জন সদস্য। বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর চারজন সদস্য ভোট দানে বিরত থাকেন।
তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটির পর
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক্স বার্তায় বলেছেন, সামরিক জোটভুক্ত হওয়ার
পথে আরো একধাপ এগিয়ে গেল সুইডেন।
সুইডেন এবং ফিনল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী
নর্ডিক দেশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর পরই ন্যাটোতে যোগ
দেয়ার আবেদন করে দেশটি।










