লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ঠেকাতে ইরানের প্রতি আহ্বান জানাতে চীনের সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং তার ডেপুটি জন ফিনার চলতি মাসে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ জিয়ানচায়ের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এর আগেও বেশ কয়েকবার এ বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে বেইজিংয়ের আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় পুনরায় এ বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইউরোপ থেকে আসা ইসরায়েলগামী বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত হুথি বাহিনী। ফলে লোহিত সাগরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।