যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার সব রাজনৈতিক ও সামরিক নেতাদের বুঝতে হবে, মাদুরোর সঙ্গে যা ঘটেছে, তা তাদের সঙ্গেও ঘটতে পারে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোয় সংবাদ সম্মেলনে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গতকাল যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে সেটা আর কোনো দেশ কখনো পারেনি। এ অভিযানে আটক মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেয়া হচ্ছে। তাদের মাদক সন্ত্রাসের দায়ে বিচারের সম্মুখীন করা হবে।
এ সময় আমেরিকার শত্রুদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যে কেউ যদি আমাদের সার্বভৌমত্ব বা আমাদের নাগরিকদের জীবন বিপন্ন করে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করা উচিত।
তিনি আরো বলেন, মার্কিন নৌবহর প্রস্তুত অবস্থায় নিজের অবস্থানে আছে এবং যুক্তরাষ্ট্রের সব দাবি সম্পূর্ণভাবে পূরণ ও সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সব ধরনের সামরিক বিকল্প বজায় রাখা হবে।










