কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ অধিবেশন শুরু হয়েছে। এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নিয়েছেন।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে রোববার সন্ধ্যায় অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির। ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের ২৮তম সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে তিনি সেখানে গেছেন।
‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের পর্যায়ের বৈঠকে হুমায়ুন কবির বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।










