ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এবং পত্রিকা শার্ঘ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল-জাজিরা ও মিডল ইস্ট আইয়ের।

ইসরায়েলি আর্মি রেডিওর জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা তেহরানের কাছের একটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুসারে এ সময় কোনো দেশেরই পরস্পরের ওপর হামলা করার কথা নয়।

এদিকে ন্যাটো সম্মেলনে যোগ দিতে হেগের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, তার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল ও ইরান। আর এতে তিনি দু’দেশের ওপরই অসন্তুষ্ট, তবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের ওপর।

এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে গত কয়েক ঘণ্টায় তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুল রহিম মুসাভি। তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দুটিই মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে।