ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।  

প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, গাজা উপত্যকায় যা চলছে তা যুদ্ধ নয়, এটি ‘গণহত্যা’। গাজায় ফিলিস্তিনের জনগণের সঙ্গে যা ঘটছে তা ইতিহাসে নজিরবিহীন। প্রকৃতপক্ষে হিটলার ইহুদি নিধনে যে নীতি গ্রহণ করেছিলেন গাজায় তার ব্যতিক্রম কিছু ঘটছে না। আফ্রিকান ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্রাজিলের ওই নেতা।

সাংবাদিকদের তিনি আরো বলেছেন, এটি যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি বেসামরিক নারী এবং শিশুদের বিরুদ্ধে রণসাজে সজ্জিত একটি বাহিনীর পরিকল্পিত আগ্রাসন।

তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। হিটলারের ইহুদি নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করায় আজ সোমবার দক্ষিণ আমেরিকার রাষ্ট্রদূতকে তলবরে ঘোষণা দিয়েছে দেশটি।

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ সিলভার ওই বক্তব্যকে ‘লজ্জাজনক’ এবং ‘গুরুতর’ বলে অভিহিত করেছেন। মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের এক বার্তায় তিনি লিখেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। আমি আমার দফতরের কর্তৃপক্ষকে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তিরস্কারের জন্য তলবের নির্দেশ দিয়েছি।

এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট তার মন্তব্যে ‘সীমা অতিক্রম’ করেছেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্য একই সঙ্গে ‘লজ্জার এবং উদ্বেগজনক’। এর মাধ্যমে ইহুদিদের আত্মরক্ষার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য নেতানিয়াহুর। এক্ষেত্রে তেল আবিব আন্তর্জাতিক আইন মেনে লড়াই করছে বলে দাবি তার।

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৯৮৫ জন। এছাড়া আহতের সংখ্যা প্রায় ৬৯ হাজারে পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলের দাবি হামাসের হামলায় দেশটির ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন।